ভাববাদী দর্শন (Idealism in Philosophy) কী এবং এর সংজ্ঞা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ জানুন। শঙ্করাচার্য, প্লেটো, কান্ট প্রমুখ ভারতীয় ও পাশ্চাত্য ভাববাদী দার্শনিকদের মূল ধারণা সহজ ভাষায় ব্যাখ্যা ও বিস্তারিত আলোচনা করা হল।
ভাববাদ কাকে বলে | What is Idealism
ভাববাদ (Idealism) হল এমন এক দার্শনিক মতবাদ যেখানে বলা হয় চেতনা, মন বা ভাবই হল সত্যের মূল ভিত্তি। পদার্থ বা বস্তু তার অধীন। অর্থাৎ জগতে যা কিছু আছে তা কেবল মনের ধারণা ও বুদ্ধির গঠন বা চেতনার প্রকাশ ছাড়া আর অন্য কিছুই নয়। সুতরাং মন বা চেতনা সত্য এবং বস্তু হল তার অধীন।
ভাববাদী দর্শনের সংজ্ঞা | Definition of Idealism
যে মতবাদ অনুযায়ী আত্মা বা মনকে জগতের মূল শর্ত রূপে গ্রহণ করা হয় এবং জড় বস্তু অপেক্ষা আত্মাই প্রাধান্য পায় তাই হল ভাববাদ।
ভাববাদের মূল ব্যক্তব্য | The main expression of idealism
ভাববাদের মূল বক্তব্য হল জাগতিক সমস্ত বস্তু যাদের মন নিরপেক্ষ বা জ্ঞান নিরপেক্ষ কোন সত্তা নেই। বাহ্যবস্তুগুলির কোন জ্ঞান নিরপেক্ষ স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা যায় না। সমস্ত রকম বাহ্যবস্তু কারো না কারো জ্ঞান বা কারো না কারো মনের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে।
ভাববাদের বৈশিষ্ট্য | Characteristics of Idealism
ভাববাদের বৈশিষ্ট্য গুলি নিম্নে আলোচিত হল –
১। ভাববাদের প্রধান বৈশিষ্ট্য হল মন ও আত্মার শ্রেষ্ঠত্ব। ভাববাদে বলা হয় পদার্থ নয় বরং মন বা চেতনাই হল পরম সত্য। অর্থাৎ পদার্থকে পরম সত্য না মেনে বরং আত্মা বা চেতনাকে পরম সত্য রূপে স্বীকার করা হয়।
২। ভাববাদের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল চেতনা ব্যতীত বহির্জগতের কোন অস্তিত্বই নেই।জগৎ হল চেতনার প্রতিফলন। অর্থাৎ স্বাধীনভাবে বহির্জগত নেই, যা আছে তা চেতনার প্রতিফলন মাত্র।
৩। ভাববাদ অভ্যন্তরীণ সত্যের অনুসন্ধান করে। বাহ্যিক জগৎ নয় বরং আত্মার ভেতরের আসল সত্যকে উদঘাটন করে বাস্তবতাকে উন্মোচন করে।
৪। আমরা জগৎকে যেমন জানি বা যেমন ভাবে জানি তা আমাদের মনের মাধ্যমে গঠিত। মন ব্যতীত এ জগৎকে জানা অসম্ভব।
৫। ভাববাদ মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গুরুত্ব দেয়। ভাববাদে সত্য, সুন্দর, ন্যায় প্রভৃতি চিরন্তন আদর্শকে গুরুত্ব দেয়।
ভাববাদের প্রকারভেদ | Types of idealism
ভাববাদ অনুসারে জ্ঞানের বিষয় মনের ভাব বা ধারণার উপর নির্ভরশীল অর্থাৎ বিষয় বা বস্তুর অস্তিত্ব জ্ঞান বা জ্ঞাতার উপর নির্ভরশীল। তবে জ্ঞানের বিষয় কিভাবে মনের উপর নির্ভরশীল বা জ্ঞান কিভাবে জ্ঞাতার উপর নির্ভরশীল এরকম নানান প্রশ্ন ভাববাদীদের মধ্যে মতপার্থক্য তৈরি করেছে এর ভিত্তিতে পাশ্চাত্য দর্শনের ভাববাদের দুটি রূপ হল –
১। আত্মগত ভাববাদ (Subjective Idealism) – জর্জ বার্কলে হলেন এই মতবাদের প্রবর্তক।
২। বস্তুগত ভাববাদ (Objective Idealism) – এই ভাববাদের প্রবর্তক হলেন দার্শনিক হেগেল।
ভাববাদী দার্শনিকদের অবদান | Contributions of Idealistic philosophers
ভাববাদী দার্শনিকরা মূলত দু’রকম সম্প্রদায় ভুক্ত প্রথমত, ভারতীয় ভাববাদী দার্শনিক ও দ্বিতীয়ত, পাশ্চাত্য ভাববাদী দার্শনিক।
ভারতীয় ভাববাদী কিছু দার্শনিক হলেন শঙ্করাচার্য, রামানুজ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ যারা আধ্যাত্মিক ও মুক্তি নির্ভর ভাববাদকে বিকশিত করেছেন।
পাশ্চাত্য ভাববাদী দার্শনিকদের হলেন প্লেটো, জর্জ বার্কলে, ইমানুয়েল কান্ট, হেগেল প্রমূখ যারা যুক্তি, জ্ঞানতত্ত্ব ও অস্তিত্ব তত্ত্বে ভাববাদী দর্শনকে সমৃদ্ধ করেছেন।
ভারতীয় ও পাশ্চাত্য ভাববাদের পার্থক্য | Differences between Indian and Western idealism
ভারতীয় ভাববাদ মূলত আধ্যাত্মিক ও মুক্তি নির্ভর, অন্যদিকে পাশ্চাত্য ভাববাদ হল যুক্তি নির্ভর ও জ্ঞানতত্ত্বিক।
ভারতীয় ভাববাদ ব্রহ্ম, আত্মা, মায়া ইত্যাদি কেন্দ্রীয় ধারণার অধীন, অন্যদিকে পাশ্চাত্য ভাববাদ Idea,Spirit,Consciousness ইত্যাদি কেন্দ্রীয় ধারণার অধীন।
ভারতীয় ভাববাদ ধর্ম ও আধ্যাত্মিকতার সাথে যুক্ত, আবার পাশ্চাত্য ভাববাদ দর্শনের যুক্তি ও জ্ঞানতত্ত্বের সাথে যুক্ত।
ভাববাদের গুরুত্ব | The importance of idealism
ভাববাদ কেবল একটি মতবাদ নয় বরং এর কিছু গুরুত্বও রয়েছে। সেগুলি হল –
১। ভাববাদ আধ্যাত্মিক উন্নয়ন ও মুক্তির পথ দেখায়।
২। জ্ঞান ও চেতনার গুরুত্বকে ভাববাদ প্রাধান্য দেয়।
৩। শিক্ষা ও নৈতিকতায় ভাববাদের গভীর প্রভাব লক্ষ্য করা যায়।
সমালোচনা | Criticism
কোনো মতবাদ সর্বাঙ্গীণ ও সর্বোপরি স্বয়ংসম্পূর্ণ হতে পারে না তাই এক্ষেত্রেও ভাববাদের কিছু দিক সমালোচিত হয়েছে –
১। বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে কিছু ক্ষেত্রে ভাববাদের অসঙ্গতি লক্ষ্য করা যায়।
২। বস্তুবাদ ও বাস্তববাদ মূলত ভাববাদের বিপরীতে এসে দাঁড়িয়েছে। এবং তারা এই ভাববাদের বিরুদ্ধ মতবাদ হয়েছে।
৩। বস্তুগতভাবে অবমূল্যায়ন করার প্রবণতা রয়েছে এই ভাববাদে
উপসংহার | Conclusion
ভাববাদ হল এমন এক দর্শন (Idealism in Philosophy) যা মানুষকে শেখায় মন, চেতনা ও আত্মার শ্রেষ্ঠত্ব। ভারতীয় ভাববাদ মূলত আধ্যাত্মিক মুক্তি নির্ভর আর পাশ্চাত্য ভাববাদ যুক্তি ও জ্ঞান নির্ভর। বর্তমানে বৈজ্ঞানিক যুগেও ভাববাদ মানুষের নৈতিকতা, শিক্ষা ও দর্শন চিন্তায় গভীরভাবে প্রাসঙ্গিকতা লাভ করেছে।
তথ্যসূত্র (References)
- An Introduction to Philosophical Analysis : J. Hospers
- An Introduction to Philosophy : Shibapada Chakraborty
- The Fundamental Questions of Philosophy: A. C Ewing
- The Fundamentals of Philosophy: D. L. Das
- Problems of Philosophy: G Watts Cunnigham
- A History of Modern Philosophy: W. K. Wright
- Internet Sources
প্রশ্ন – বার্কলের ভাববাদ কি নামে পরিচিত?
উত্তর – বার্কলের ভাববাদ আত্মগত ভাববাদ নামে পরিচিত।
প্রশ্ন – আত্মগত ভাববাদের প্রবক্তা কে?
উত্তর – আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন বার্কলে।
প্রশ্ন – আত্মগত ভাববাদের অনিবার্য পরিণতি কি?
উত্তর – আত্মগত ভাববাদের অনিবার্য পরিণতি হল অহংসর্বস্ববাদ।
প্রশ্ন – ভারতীয় ভাববাদী দার্শনিকদের নাম লেখ।
উত্তর – শঙ্করাচার্য, রামানুজ, রবীন্দ্রনাথ প্রমূখ হলেন ভারতীয়রা ভাববাদী দার্শনিক।
- Copi র যুক্তিবিদ্যার ১৯টি নিয়ম | Copi’s 19 Rules of Logic
- লকের মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য | Locke’s primary and secondary qualities
- বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য | Difference between Science and Philosophy
- দ্রব্য সম্পর্কে লকের ধারণা | John Locke’s Concept of Substance Explained
- রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ | Spiritual Idealism of Rabindranath Tagore




